চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবার দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, চিহ্নিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি জানান, ডিএমপিসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ অভিযানে গাফিলতি বা ব্যর্থতা বরদাশত করা হবে না। দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে।

তবে অপরাধীদের ধরতে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানান তিনি। পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।