দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। একইভাবে পেট্রল ও অকটেনের দামও লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। নতুন দাম রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ১৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬০ টাকা। আর অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্বাভাবিক বৃদ্ধি হলেও গত পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। এ ছাড়া প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ।
বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখনো এই মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে এত দিন দেশে দাম বাড়ানো হয়নি। এতে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।