দেশে অনেক দক্ষ সার্জন ও অধ্যাপক থাকলেও চিকিৎসা ব্যবস্থায় কোনো ভিশনারি প্ল্যানিং নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার সকালে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, রোগীদের সেবায় যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারলে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা ও চিকিৎসা খাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্যের উন্নয়নে বাজেটও বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বর্তমানে দেশে হৃদরোগীর সংখ্যা বাড়ছে। তবে হৃদরোগের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন আর বিদেশে যেতে হয় না। দেশের সার্জন ও অধ্যাপকদের দক্ষতা কাজে লাগাতে হবে।
মন্ত্রী আরও বলেন, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম সফল ওপেন-হার্ট সার্জারি সম্পন্ন হয়। ঐতিহাসিক সেই দিন থেকে বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ ৪৫ বছর পূর্ণ করেছে।