চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
পুনর্নিরীক্ষণের পর নতুন করে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। একই সময়ে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর পাস করেছেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।
আবেদনগুলোর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। আর ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।
পুনর্নিরীক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। কারও গ্রেড বেড়েছে, কেউ পেয়েছেন কাঙ্ক্ষিত জিপিএ-৫। আবার অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশও নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছেন।
এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। ১১টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এ পরীক্ষায় এবার গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ।
পুনর্নিরীক্ষণের ফল আবেদনকারী শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাচ্ছে।