ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার মধ্যেই রোববার সেখানে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেশম শহরের গভর্নর আমির তেইমুরি বলেন, ‘আজ ভোর ৫টার দিকে হেঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
হরমুজ প্রণালীর সবচেয়ে বড় দ্বীপ কেশমের আশপাশে শনিবার রাত থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরও পাওয়া গেছে।
হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটল। গুরুত্বপূর্ণ এই নৌপথের অবরোধ নিয়ে আলোচনার জন্য এর এক দিন পরই ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওমানও হরমুজ প্রণালীর তীরবর্তী একটি দেশ।
বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় মাস ধরে চলা সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনাকেন্দ্রে পরিণত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরুর পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালীর নৌপথ বন্ধ করে দেয়। এর আগে সংঘাত শুরুর পূর্ব পর্যন্ত এই নৌপথে জাহাজ চলাচল ছিল অবাধ ও নির্বিঘ্ন।
বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। নিরাপত্তা ও নিজেদের সার্বভৌমত্বের বিষয়টি উল্লেখ করে ইরান এ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে জাহাজ চলাচলের জন্য সেবা-ফি নেওয়ার একটি ব্যবস্থাও চালুর কথা বিবেচনা করছে দেশটি।