চট্টগ্রাম নগরের খুলশী থানার পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে পাঁচ দেশের ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ। বৃহস্পতিবার রাতে যৌথভাবে চালানো এ অভিযানে ১৩১টি মুঠোফোন, ১৭০টি ল্যাপটপ, বিভিন্ন দেশের মুদ্রা ও ক্যাসিনোতে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক বিদেশি নাগরিকদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন ও ভিয়েতনামের ১ জন রয়েছেন। তাঁদের মধ্যে ৪১ জন পুরুষ, ২১ জন নারী ও একজন শিশু।
বৃহস্পতিবার রাতে পশ্চিম জালালাবাদ এলাকার ওই ভবনে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট ও খুলশী থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরো আটতলা ভবনে তল্লাশি করা হয়।
অভিযানে অংশ নেওয়া পুলিশের একজন কর্মকর্তা জানান, ভবন থেকে বিপুলসংখ্যক মুঠোফোন ও ল্যাপটপের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা এবং ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ভবনটি ভাড়া নিয়ে সেখানে সংগঠিতভাবে ক্যাসিনো বা জুয়ার কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই ভবনে বিদেশি নাগরিকদের আনাগোনা ছিল। বিভিন্ন সময়ে বিদেশিদের আসা-যাওয়া দেখা গেলেও ভবনের ভেতরে কী ধরনের কার্যক্রম চলছিল, সে বিষয়ে তাঁরা নিশ্চিত ছিলেন না।
অভিযানের সময় ভবনের বাইরে গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকলেও তাঁদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে ভবনের ভেতরের অবকাঠামো বা সেখানে ক্যাসিনো পরিচালনার কী ধরনের সরঞ্জাম ছিল, তা সরেজমিনে দেখা সম্ভব হয়নি।
বিদেশি নাগরিকদের ওই ভবনে অবস্থানের উদ্দেশ্য এবং কথিত ক্যাসিনো বা জুয়ার কার্যক্রমের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া এর সঙ্গে স্থানীয় বা বিদেশি কোনো ব্যক্তি কিংবা সংঘবদ্ধ চক্র জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
অভিযান ও জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য এবং ভবন থেকে উদ্ধার হওয়া অর্থ ও সরঞ্জামের পরিমাণ জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বের পোস্ট :