বাংলাদেশ কমার্স ব্যাংকে আমানত সংগ্রহের নামে প্রায় ৪ কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ কর্মকর্তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে নেওয়া অর্থ ব্যাংকে ফেরত আনার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের আমানত বাড়াতে ‘উজ্জীবন আমানত ক্যাম্পেইন ২০২৬’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। এর আওতায় ২৭০ কোটি টাকা আমানত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় কর্মসূচির মেয়াদ আরও এক মাস বাড়ানো হলেও এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়া হয়নি।
বর্ধিত সময়ে গাজীপুর সিটি করপোরেশনের ১০০ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। এর বিপরীতে ১৩ কর্মকর্তাকে ৪ কোটি টাকা প্রণোদনা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংক হিসাব থেকে ১৪টি চেকের মাধ্যমে দুই দিনে পুরো অর্থ নগদে তুলে নেওয়া হয়।
তদন্তে উঠে এসেছে, গত ৪ জুন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাব থেকে ৯টি চেকের মাধ্যমে ৩ কোটি ৪ লাখ টাকা উত্তোলন করা হয়। পরবর্তী কর্মদিবস ৭ জুন আরও পাঁচটি চেকের মাধ্যমে ৯৬ লাখ টাকা তোলা হয়। তদন্তকারী দলের পর্যালোচনায় অর্থ উত্তোলনের পর তা বস্তায় করে নিয়ে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে।
প্রণোদনা পাওয়া কর্মকর্তাদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা হামিদুর রহমান ও এফএভিপি সিদ্দিকুল্লাহ ৮০ লাখ টাকা করে পেয়েছেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। আরও কয়েকজন কর্মকর্তা ৪০ লাখ টাকা করে পেয়েছেন।
ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৩ কর্মকর্তা দলগতভাবে আমানত সংগ্রহ করেছিলেন এবং তাদের উৎসাহিত করতেই প্রণোদনা দেওয়া হয়েছিল। বিষয়টি পরিচালনা পর্ষদকে জানানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আমানত সংগ্রহ ব্যাংক কর্মকর্তাদের নিয়মিত দায়িত্বের অংশ। এ কাজের জন্য আলাদা করে এমন আর্থিক প্রণোদনা দেওয়ার সুযোগ নেই। শুধু অর্থ গ্রহণকারীদের নয়, প্রণোদনা দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তদন্তে ট্রেজারি বিভাগের প্রধান দেলোয়ার হোসেনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তাকে বরখাস্তসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ না দেওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।